রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে পাথর দিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে ভৈরবের সর্বস্তরের জনগণ এর ব্যানারে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগানে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্ল্যাকার্ডগুলোতে, ‘জনে জনে খবর দে, চাঁদাবাজরে কবর দে’, ‘ফাঁসি চাই, বিচার চাই, খুনির আর রেহাই নাই’, ‘মায়ের কান্না বন্ধ কর, খুনির ফাঁসি নিশ্চিত কর’ ইত্যাদি।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির মুখ্য সংগঠক শরীফুল হক জয়, যুগ্ম সদস্য সচিব শিহাব উদ্দিন তুহিন, ভৈরব উপজেলা কমিটির আহ্বায়ক মো. কাইজার ও জাতীয় নাগরিক পার্টির ভৈরব প্রতিনিধি আর কে রিসান প্রমুখ। সমাবেশে বক্তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, দখলবাজী অন্যায় অবিচার বন্ধ না হলে আওয়ামী লীগের মত বিএনপিরও একই পরিনতি হবে। তারা আরো বলেন, কীভাবে একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায়, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। মৃত্যুর পরেও মরদেহের ওপর তারা নির্মমভাবে অত্যাচার করেছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।