মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জয়ন্ত চক্রবর্তী (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মী শাহ মোহাম্মদ সিপার উদ্দিন।

জানা যায়, বুধবার (৩০ জুলাই ) বিকেল ৫ টায় ডিউটি শেষ করে নিজের মা, বাবা ও সন্তানদের এক নজর দেখতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন জয়ন্ত চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন সহকর্মী শাহ মোহাম্মদ সিপার উদ্দিন। মোটরসাইকেলে করে কমলগঞ্জ থেকে পার্শ্ববর্তী উপজেলা শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন তারা।

পথিমধ্যে বৈধভূমি এলাকায় পৌঁছালে হঠাৎ ডান পাশ থেকে একটি দ্রুতগামী সিএনজিকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জয়ন্ত চক্রবর্তী মারা যান। গুরুতর আহত হন পেছনে বসা সিপার উদ্দিন।

স্থানীয়রা আহত সিপার উদ্দিনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন এবং আহত সিপার উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে এক্স-রে করানো হয়।

নিহত জয়ন্ত চক্রবর্তী সিলেটের কানাইঘাট পৌরসভার নয়াখাল এলাকার বাসিন্দা। তিনি সুদীপ্ত চক্রবর্তীর ছেলে ও অঞ্জনা চক্রবর্তীর সন্তান। তার দুই পুত্রসন্তান রয়েছে—সৌর্য (৮) ও রুদ্র (৬)।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় পদক্ষেপ শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে জয়ন্ত চক্রবর্তীর মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ দুর্ঘটনার খবরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, চিকিৎসক, স্টাফসহ অন্তত ১৫ জন হাসপাতালে উপস্থিত হয়ে নিহত সহকর্মীর খোঁজখবর নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, “আমরা শোকাহত। জয়ন্ত খুবই ভালো ও হাস্যোজ্জ্বল স্বভাবের মানুষ ছিলেন। তিনি সব কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতেন। তার মৃত্যুতে আমরা একজন বিশ্বস্ত সহকর্মীকে হারালাম।”

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) জানান, “ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}