গাইবান্ধায় বাসে যাত্রী বেশে মাদক পরিবহনকালে ১৫০ বোতল ফেন্সিডিলসহ হৃদয় মিয়া (৩১), রাজিব হোসেন (২৯) ও সুমি আক্তার (৩০) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে বাসে তল্লাশী চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গ্রামের বাসিন্দা।
হৃদয় মিয়ার খালাতো ভাই রাজিব হোসেন ও মামাতো বোন সুমি আক্তার (৩০)। তারা অপু ক্ল্যাসিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-২৭৩৩) যাত্রী ছিলেন, তবে কারও কাছে টিকিট ছিল না। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম মহাসড়কে অবস্থান নিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছে থাকা ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৫ লিটার ফেন্সিডিলের বাজারমূল্য আনুমানিক তিন লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল জেলা কার্যালয়ের হেফাজতে রয়েছে এবং মামলার তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয় পরিচালনা করছে।