কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব উন্নয়ন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন, স্লোগান ও যুব সমাজের উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো এলাকা। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন এবং যুব স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো. সাঈদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজ দেশের প্রধান শক্তি। তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে। যুবকদের সঠিক পথে পরিচালিত করতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার ৮ জন যুবক ও যুব মহিলার মাঝে মোট ৭ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এই ঋণ প্রাপ্তরা নিজ নিজ কর্মক্ষেত্রে তা বিনিয়োগ করে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও যুব সমাজের প্রাণচাঞ্চল্য।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}