টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ভারতের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট জেলার তিস্তার বাম তীরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ২০ হাজার মানুষ।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার পর পানি বিপদসীমার *১৮ সেন্টিমিটার* উপরে প্রবাহিত হতে দেখা যায়। বিকাল তিনটার পর থেকে কমতে শুরু করেছে এখন ১৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে
এর আগে সকালে এই মাত্রা ছিল ১১ সেন্টিমিটার। হঠাৎ করেই পানি বৃদ্ধির ফলে ব্যারেজের *৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে*। ফলে আশেপাশের নিম্নাঞ্চলসহ চরাঞ্চলের বহু ঘরবাড়ি ও ফসলি জমি ইতোমধ্যেই পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে *হাজার হাজার পরিবার*।
উজানে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিশেষ করে সানিয়াজান, গড্ডিমারী, সিংগীমারী, পারুলিয়া ও ডাউয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা ইতোমধ্যে বিপদসীমার প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জনগণকে *সতর্ক* থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রাকিব হায়দার বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া রয়েছে।