গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ তার বিরুদ্ধে সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন, শিষ্টাচার বহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। রোববার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।

‎লিখিত বক্তব্যে নাহিদুজ্জামান নিশাদ বলেন, যথাযথ প্রক্রিয়া মেনেই তিনি জেলা বিএনপি’র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপিসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সুপারিশে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাকে এই পদে দায়িত্ব দেয়া হয়। এখানে আর্থিক লেনদেন বা অনৈতিক কোনো প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না।

‎তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ ও একটি বিশেষ মহল তার জনপ্রিয়তা ও নির্বাচনী সম্ভাবনাকে হেয় করার জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে আসন্ন নির্বাচনে সাঘাটা-ফুলছড়ি আসনে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দেয়ার পর থেকেই তাকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে
“৮ কোটি টাকার বিনিময়ে জেলা বিএনপি’র পদ লাভ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি।

‎নাহিদুজ্জামান নিশাদ বলেন, আমি কখনো আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম না। কোনো সরকারি ঠিকাদারি, বালু বা জলমহল কিংবা হাট-ঘাট ইজারার সুবিধা নেইনি। আমি একজন শিল্পপতি, আমার ব্যবসা-বাণিজ্যও সরকারি সুবিধার ওপর নির্ভরশীল নয়।

‎তিনি আরও বলেন, বিএনপি কোনো কেনাবেচার দল নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সংবাদপত্রের কর্তৃপক্ষকে অনুরোধ করেন, সত্য তথ্য প্রকাশ করে বিভ্রান্তি দূর করতে। অন্যথায় তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

অনুষ্ঠিত এ ‎সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}