ভূরুঙ্গামারী থানা এলাকার অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক সচেতনতামূলক পোস্টে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা নিজেদের শিশুদের বাড়তি দেখাশোনা করেন, বিশেষ করে বর্ষা মৌসুমে ডোবা, নালা, ও জমে থাকা পানির আশপাশে যেন শিশুরা না খেলাধুলা করে।
ওসি আল হেলাল তাঁর পোস্টে উল্লেখ করেন, “অনেক সময় অল্প বয়সী শিশুরা খেলার ছলে ডোবা বা নালায় পড়ে গিয়ে দূর্ঘটনার শিকার হয়। এমন মর্মান্তিক ঘটনা যেন না ঘটে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”
বর্তমানে টানা বৃষ্টিতে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন স্থানে পানি জমে থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।
থানা পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরা ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এলাকাবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।