২০১৯ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন রেড ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে। “আর্ত-মানবতার সেবায় আমরা” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি সমাজ উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনের সভাপতি মানিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সোবেল দেবনাথ। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. এম ওয়াই এফ পারভেজ, উপদেষ্টা ডা. এস এম আহসানুল করিম ও মোস্তফা কামাল রোকন। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১০০-এর বেশি। অর্থায়ন হয়ে থাকে মূলত সদস্যদের অবদান ও উপদেষ্টা মণ্ডলীর সহায়তায়।
প্রতিষ্ঠালগ্ন থেকে রেড ফাউন্ডেশন সম্পন্ন করেছে বিভিন্ন মানবিক উদ্যোগ। এর মধ্যে রয়েছে চলন্ত রেলে পাথর নিক্ষেপ রোধে সচেতনতা সৃষ্টি, স্কুলভিত্তিক ওরস্যালাইন মিশ্রণ বিষয়ে ক্যাম্পেইন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, এক বেলা খাবার কর্মসূচি ও শীতবস্ত্র বিতরণ। এসব কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
জাতীয় পর্যায়েও রেড ফাউন্ডেশনের কার্যক্রম স্বীকৃতি পেয়েছে। দেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠান বিটিভির ইত্যাদি-তে তাদের কার্যক্রম নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়েছে।
সংগঠনের সভাপতি মানিকুর রহমান বলেন, “আমরা শুরু থেকেই চেষ্টা করেছি সমাজের জন্য কিছু করার। মানুষকে সচেতন করা এবং অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। রেড ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি একদল স্বপ্নবাজ তরুণের পরিবার, যারা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে চায়। আমাদের প্রত্যাশা, সমাজের প্রতিটি মানুষ এ যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হবে।”
অন্যদের তুলনায় রেড ফাউন্ডেশনের বিশেষত্ব হলো মাঠ পর্যায়ে সরাসরি সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া, যা সংগঠনটিকে আলাদা মাত্রা দিয়েছে।