চট্টগ্রামের সদরঘাট নৌ থানা এলাকার কর্ণফুলী নদীর গ্যাস সিঁড়ি ঘাট সংলগ্ন নদী তীর থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানার এসআই (নিঃ) সুমন চন্দ্র নাথ ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। মৃতদেহটি অর্ধপচনশীল অবস্থায় পাওয়া গেছে এবং তার গায়ে ছিল একটি কালো প্রিন্টের ফুলহাতা শার্ট ও মাটি রঙের গেঞ্জি। গলায় ঝুলছিল একটি চাবি। তবে নিচের অংশে কোনো কাপড় পাওয়া যায়নি। মৃতদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব ও রঙ পরিবর্তন লক্ষ্য করা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন এক সময়ে ভিকটিম পানিতে পড়ে মৃত্যুবরণ করে এবং নদীর স্রোতে ভেসে এসে গ্যাস সিঁড়ি ঘাট এলাকায় আটকে যায়। স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে অফিসার ইনচার্জ সদরঘাট নৌ থানা জানিয়েছেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সংবাদ প্রেরক:
অফিসার ইনচার্জ
সদরঘাট নৌ থানা, চট্টগ্রাম।