গাইবান্ধায় ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গাইবান্ধা জেলা শাখা হেযবুত তওহীদের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মীরা ছাড়াও শিক্ষক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন।
সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান মুকুলের সভাপতিত্বে সাবেক সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উপর বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম শামসুল হুদা।
এসময় তিনি বলেন, একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয় তবে সেখানে শান্তি আসতে পারেনা। ইতিহাসের শিক্ষার আলোকে মানবসৃষ্ট কোন মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বরং অন্যায় অশান্তি বেড়েই চলেছে। একমাত্র স্রষ্টার জীবন ব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর দেয়া নীতিতেই নিহিত আছে প্রকৃত বাক স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার। সকল তন্ত্র-মন্ত্র বাদ-মতবাদ ভুলে এখন মানুষকে স্রষ্টার দেওয়া সেই সিস্টেম অর্থাৎ তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে যাচ্ছে হেযবুত তওহীদ।
মতবিনিময়ে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, সাবেক বিভাগীয় সভাপতি আশেক মাহমুদ, গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম, সদর উপজেলা সভাপতি সোহরাব হোসেন শিরল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান ওপেলসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আরো বলেন, গত ৫৩ বছরের ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহুনির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে কিন্তু জাতির একটা সংকটেরও টেকসই সমাধান হয়নি। তাই তওহীদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক এটিএন নিউজের গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী, সহ-সভাপতি আ.স.ম রেজাউন্নবী রাজু, ডিবিসি নিউজের প্রতিনিধি রিকতু প্রসাদ, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, বাংলাভিশনের প্রতিনিধি ফিরোজ কবির মিলন, আনন্দ টিভির মিলন খন্দকার, স্টার নিউজের হেদায়েতুল ইসলাম বাবু, আমাদের সময়ের খাইরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
গনমাধ্যম কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনা করেন শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ওপর নির্মিত হেযবুত তওহীদের চলমান কার্যক্রমের উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শিত হয়।