বিশ্বব্যাপী জলবায়ু সংকট, স্বৈরাচার এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ৮টি সংগঠনের যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার শ্যামলি পার্ক মাঠে অবস্থান কর্মসূচী পালিত হয়।
অবস্থান কর্মসূচিটি ঢাকাসহ দেশের ৩৪টি স্থানে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বৈষম্য, স্বৈরাচার, গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়া এবং সবার জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যত নিশ্চিত করা।
পৃথিবীব্যাপী ক্ষমতাধর সরকারগুলো যখন স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকছে এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিশ্রুতিগুলো বিলম্বিত বা ধ্বংস করছে, তখন এই প্রতিবাদ কর্মসূচিটি এক নতুন সংহতির বার্তা নিয়ে এসেছে। জলবায়ু সংকটের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কর্পোরেট ও কোটিপতিদের লোভ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পিতৃতন্ত্র, বর্ণবাদ এবং পরিকল্পিত অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তোলেন।
আয়োজকরা ব্রাজিল-এ অনুষ্ঠিতব্য COP30 এর ছয় সপ্তাহ আগে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতারা মিলিত হচ্ছেন এবং এই সমাবেশটি সেই সুযোগকে কাজে লাগিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।
এই আন্দোলনের মূল দাবিগুলো একটি ন্যায্য ও টেকসই বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আলোকপাত করে। এই কর্মসূচিটি বৈশ্বিক সমস্যাগুলো সমাধানে গণমানুষের কণ্ঠস্বরকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।