বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি ও সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের বিএনপি’র এমপি প্রার্থী জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এবং ডাক্তার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে এ ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।
এ সময় প্রায় ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বিনামূল্যে ওষুধ, চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র পেয়ে অসহায় মানুষজন অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ সকল শ্রেণি-পেশার মানুষ মানবতার কল্যাণে এগিয়ে আসায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।