কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হোমনা উপজেলার আসাদপুর গ্রাম থেকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন আসাদপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. ইব্রাহিম (২৪) এবং মৃত মো. আনু মিয়ার ছেলে মো. শহিদুল্লাহ (৩৩)। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই মীর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তদন্তের স্বার্থে তাদের রিমান্ড আবেদন করা হবে। তিনি আরও বলেন, “ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও চিহ্নিতকরণের জন্য পুলিশের তদন্ত অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে হামলার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাজারে টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রসঙ্গত, গত বুধবার আসাদপুর গ্রামের আলেক শাহর ছেলে মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য পোস্ট করেন। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এর জেরে বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা আসাদপুর গ্রামের মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ, কালু শাহ, আবদু শাহ ও হাওয়ালী শাহর মাজারে হামলা চালায়। এ সময় মাজার ও বসতবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক হিসেব অনুযায়ী, এ হামলায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}