কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা-তে আজ সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্ববহ অভিভাবক সমাবেশ। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা, এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে সমন্বয় নিয়ে এই সমাবেশে বিস্তারিত আলোচনা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আজিজুর রহমান স্বপন। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, গভর্নিং বডির সদস্য মোঃ ছবেত আলী, এবং সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর গফুর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুসায়াদত মোঃ বজলুর রহমান, মাদ্রাসার শিক্ষকবৃন্দ মাওলানা মাহবুবুর আলম, মোঃ হামিদুল ইসলাম, মোঃ বদিউজ্জামান, মোছাঃ নাজমা পারভিন, এবং স্থানীয় অভিভাবক প্রতিনিধি মাওলানা আব্দুল বারেক, মোঃ মেছবাহুল, মোঃ জাহিদুর রহমান প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার প্রভাষক মাওলানা আসাদুজ্জামান। বক্তারা বলেন, “একটি শিক্ষিত, সুশৃঙ্খল ও নৈতিকভাবে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা যথেষ্ট নয়; সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পারিবারিক ও সামাজিকভাবে সুদৃঢ় মূল্যবোধ গঠনে জোর দিতে হবে।” সমাবেশে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ফলাফল উন্নয়ন, এবং ডিজিটাল শিক্ষার সাথে তাল মিলিয়ে শিক্ষাদান প্রক্রিয়া আধুনিকায়নের প্রস্তাবনা উত্থাপন করা হয়। অভিভাবকেরাও শিক্ষার মানোন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রমিজউদ্দিন।