ওজনে কারচুপির দায়ে যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা বাজারের এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই ব্যবসায়ীকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। ​জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), যশোর আঞ্চলিক অফিসের পরিদর্শক মো. রাকিব ইসলামের অভিযোগের ভিত্তিতে রোহিতা বাজারের কোদলাপাড়া মোড়ে অবস্থিত ভূঁইয়া ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ভূঁইয়া ট্রেডার্সের মালিক মো. আব্দুল কাদেরকে (৫০) জ্বালানি তেল বিক্রয়ের সময় ওজনে কম দিতে দেখা যায়। ​এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী তাকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় মণিরামপুর থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}