নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালীর মাইজদী শহরে মানববন্ধন,বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে দুপুরে মাইজদী শহরের প্রধান সড়ক অবরোধ করা হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া জেলা প্রশাসনের উদ্যোগে গোপনে চালানো হচ্ছে। কোনো গণশুনানি ছাড়াই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন। বক্তাদের বক্তব্যে আরও বলা হয়, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লাকে সমন্বয় করে ‘নোয়াখালী বিভাগ’ গঠন করতে হবে। অন্য কোনো জেলার নামে বিভাগ ঘোষণা করা হলে তা প্রতিহত করা হবে।
বিকেলে কর্মসূচি আরও দীর্ঘায়িত হয় এবং মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা মাইজদী মসজিদ মোড় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
আন্দোলনকারীরা ঘোষণা দেন, আগামী সাত দিনের মধ্যে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা না করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।