পরিবেশ সুরক্ষায় সবুজায়ন, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড পেলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)। প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) কে এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড তুলে দেন। পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় এবং পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ অবদান রাখায় মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) কে এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বক্তব্যে বলেন, ‘এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড বিজয়ীদের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের জন্য তাদেরকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পরিবেশের সুস্থতা রক্ষার দায়িত্ব আমাদের সবার।

এজন্য পরিবেশ সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।’ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান বলেন, ‘আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সে সবসময় বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। আমরা আশা রাখি সে সবসময় এই কার্যক্রম চলমান রাখবে।’ এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড বিজয়ী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আজকে আমার এই অ্যাওয়ার্ডটি আমি আমার বাবা-মা কে উৎসর্গ করছি।’ তিনি আরো বলেন, ‘এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড আমাকে আরও অনুপ্রাণিত করেছে, আগামীতে আরও বৃহৎ পরিসরে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার জন্য।’

তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘শাফায়াত হোসেন সিয়ামের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব উদ্যোগে অনুপ্রাণিত করবে এবং উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।’ উল্লেখ্য, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক আয়োজন, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিমাসে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সেমিনার, বৃক্ষরোপন ও প্লাস্টিক দূষন বিরোধী সচেতনতা কর্মসূচি, প্লাস্টিক বর্জ্য নদীতে না ফেলার আহবান জানিয়ে নৌযানে/লঞ্চে সচেতনতামূলক কর্মসূচি, পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের সাথে সচেতনতামূলক কার্যক্রম সহ পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও তিনি জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনে দক্ষতা ও সুনামের সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}