চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের ১৬ ঘণ্টার অভিযানে বাঁশখালী উপজেলা থেকে অপহৃত পাঁচ মাসের শিশু মো. আদিয়াতকে ১৬ ঘণ্টার পর অক্ষত অবস্থায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন মুরাদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুরাদাবাদ মাইজপাড়া এলাকা থেকে শিশু আদিয়াতকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলজ্জানি বাপের বাড়ি এলাকার মনজুর আলমের পাঁচ মাস বয়সী শিশু আদিয়াতকে প্রতিবেশী রিদুয়ান (৩২) কৌশলে কোলে নিয়ে অপহরণ করে। পরে আদিয়াতের বাবা মনজুর আলম বাদী হয়ে মো. রিদুয়ানের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগের তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলায় বিভিন্ন থানায় পুলিশ অভিযান শুরু হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (এসআই) রাকিব হোসেন ও এসআই নয়ন আচার্য নেতৃত্বে নারী পুলিশ এর সহযোগিতায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুরাদাবাদ মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রবাসী নাজিম উদ্দীনের স্ত্রী রোবাইদা সুলতানা তানজুর কাছ থেকে শিশু আদিয়াতকে উদ্ধার করে চন্দনাইশ থানায় নিয়ে আসে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার পুলিশ এসআই জামাল হোসেনের নিকট হস্তান্তর করেন। এ সময় রোবাইদা সুলতানা তানজু (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে রোবাইদা সুলতানা তানজু পুলিশকে জানান, তিনি তার আত্মীয় আলমগীর ও এজাহারনামীয় আসামী রিদুয়ান কাছ থেকে থেকে পটিয়া আমজুর হাট এলাকা থেকে শিশু আদিয়াতকে ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে স্ট্যাম্পে লিখিত করার মাধ্যমে দত্তক নেন তিনি। দত্তক নেওয়ার সময় রিদুয়ান নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেয় এবং শিশুটির জন্মের সময় শিশুটির মা মারা গেছে বলে জানায়। পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জানতে পারি বাঁশখালী উপজেলা থেকে অপহৃত পাঁচ মাস বয়সী শিশু আদিয়াত আমাদের থানা এলাকায় অবস্থান করছে সঙ্গে সঙ্গে অক্ষত অবস্থায় পাঁচ মাস বয়সী শিশু আদিয়াতকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অপহৃত শিশু ক্রেতা রোবাইদা সুলতানা তানজুসহ বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}