গুইমারা রামসু বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। একইসঙ্গে সিন্দুকছড়ি জোন স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শ্রেণীর বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করে।

এছাড়াও, একই স্থানে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই ক্যাম্পেইনে প্রায় ১৯০ জন পাহাড়ি ও ৮০ জন বাঙালি অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল শামস আজিজী, পিএসসি, জি, এবং গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত সকলের উদ্দেশ্যে রিজিয়ন কমান্ডার বলেন, গত ২৮ সেপ্টেম্বর রামসু বাজারে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী চক্র বাজার বয়কট, শিক্ষার্থীদের স্কুলে যেতে নিষেধ, পোড়া ঘরবাড়ি পরিষ্কার না করা ও থানা কর্তৃক পুলিশি আটকের মতো মিথ্যা তথ্য ছড়িয়ে এলাকার পাহাড়ি-বাঙালির মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি এই সকল মিথ্যা তথ্যে কান না দিয়ে সকলকে পূর্বের ন্যায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানান। রিজিয়ন কমান্ডার অতীতের সকল দুঃখ-দুর্দশা ভুলে সকলকে স্বাভাবিক জীবন যাপন করার পরামর্শ দেন এবং সেনাবাহিনী কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তা ও সাধ্য অনুযায়ী আর্থিক অনুদান অব্যাহত থাকবে বলে তাঁর বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}