মানিকগঞ্জ সদর উপজেলায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার দিঘী ইউনিয়নে ছুটি ভাটবাউর এলাকায় কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশুশিক্ষার্থীদের খাতা, কলম বিতরণ করা হয়। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয় মানিকগঞ্জ বন্ধুসভা। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের প্রতি সন্তানদের যত্ন ও পড়ালেখায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। আজ সকাল সাড়ে আটটার দিকে ছুটি ভাটবাউর জামে মসজিদের সামনের মাঠে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবদুল আজিজ, গড়পাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আবদুল খালেক, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি চান মিয়াসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আবদুল আজিজ বলেন, প্রথম আলো দেশের সর্বোচ্চ পাঠকপ্রিয় পত্রিকা। শুধু বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতাই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক, শিক্ষণীয় কর্মকাণ্ডের কারণে প্রথম আলো এই অবস্থানে এসেছে। প্রথম আলোর এই বহুবিধ কার্যক্রম আরও ব্যাপ্তি হোক, তিনি সেই প্রত্যাশা করেন। বক্তারা উপস্থিত শিশুদের অভিভাবকদের আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে ভাটবাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন বসতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেলা শহরের পোড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিশুদের মাঝে খাতা ও কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের মাঝে আনন্দের ঝিলিক দেখা গেছে। ভাটবাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মিরাজ হোসেন। সুন্দর খাতা ও কলম দিছে। আমি অনেক খুশি হইছি। শিক্ষা উপকরণ পাওয়া এক শিশুর অভিভাবক শাহ আলম বলেন, এই অনুষ্ঠানে আইস্যা আমরা পোলাপানরে পড়ালেহা করানো উৎসাহ পাইলাম।