কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘ আন্দোলনের পর অবশেষে অর্ধশতাধিক সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকের বীমার টাকা ফেরৎ পেয়েছেন। আন্দোলনের মাধ্যমে টাকা আদায়ের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজারে বাসদের দলীয় কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুই কিস্তিতে অর্ধশতাধিক বীমা গ্রাহকদের টাকার চেক দেয়া হয়েছে। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ মার্কসবাদী জেলা সমন্বয়ক মো: আলাল মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, জমির উদ্দিন, সোহরাব মিয়া,এবায়দুল ইসলাম, মজনু মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় চেক গ্রহণকারী স্থানীয় হরিশ্চন্দ্রপট্টি এলাকায় পুষ্প আক্তার বলেন, বাসদ নেতাদের দীর্ঘ আন্দোলনের কারনে আমরা বীমার টাকা ফেরৎ পেয়েছি, আমরা সকলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।