ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানের নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল আহমেদ ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাকিব সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. শরফুদ্দিন। এছাড়াও নবীন, প্রবীণসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ডায়েরি, ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডায়েরি প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্তীম পর্বে গান, কবিতা, কুইজ, লটারি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান অতিথি বলেন, ‘আজকে আমাদের জন্য একটি আনন্দময় দিন। নেত্রকোনা জেলার এতোগুলো নক্ষত্রদের মিলনমেলা। তোমরা শুধু সার্টিফিকেটের জন্য নয় বরং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পড়াশোনা করবে। জেলার কল্যাণের জন্য কাজ করবে। নিয়মিত পড়াশোনা করে নিজেকে অনন্য উচ্চতায় নিতে হবে।’

নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাকিব বলেন, ‘নবীন বরণ ও প্রবীণ বিদায় মূলত আমাদের পারিবারিক ঐক্যের প্রতীক। এখানে নবীনরা নতুন স্বপ্ন নিয়ে যোগ দিচ্ছে, আর প্রবীণরা রেখে যাচ্ছে তাদের অভিজ্ঞতার আলো। নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সহযোগিতা ও মানবিক সম্পর্ক আরও দৃঢ় করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই, এই বন্ধন যেন বিশ্ববিদ্যালয় জীবনের সীমা ছাড়িয়ে সারাজীবনের বন্ধুত্বে রূপ নেয়।’

নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল আহমেদ ফাহিম বলেন, ‘নবীন বরণ ও প্রবীণ বিদায় কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যের বহিঃপ্রকাশ। নবীনদের আমরা স্বাগত জানাই নতুন আশায়, নতুন উদ্যমে যেন তারা নিজেদের মেধা ও সততা দিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও আলোকিত করে। আর প্রবীণ ভাই-বোনদের প্রতি রইল অফুরন্ত শুভকামনা তারা যেখানেই যান না কেন, নেত্রকোনার এই বন্ধন তাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকুক। আমাদের লক্ষ্য, জেলার প্রতিটি শিক্ষার্থীকে এক ছায়াতলে এনে গড়ে তোলা একটি জ্ঞান, সৌহার্দ্য ও মানবিকতায় ভরপুর পরিবার।’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}