মিশিগান বইমেলা ২০২৫–এর শুভ উদ্বোধন হয়েছে। সূর্যঝলমলে বিকেলে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনটির আনুষ্ঠানিকতা। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বইমেলার আহ্বায়ক ডাঃ দেবাশীষ মৃধা।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কর্ডিনেটর ও মিশিগান বইমেলার সদস্য সচিব মৃদুল কান্তি সরকার, মিশিগান বইমেলার যুগ্ম আহ্বায়ক চিনু মৃধা, চিন্ময় আচার্য্য, এবং আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা। তাঁদের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই আয়োজন এখন পরিণত হয়েছে মিশিগান প্রবাসী বাংলা ভাষাভাষী সমাজের অন্যতম সাংস্কৃতিক উৎসবে।
বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নামী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের পক্ষ থেকে এসেছে বাতিঘর, প্রথমা, অনন্যা, আর যুক্তরাষ্ট্র থেকে উপস্থিত নিউ ইয়র্কের মুক্তধারা প্রকাশনী। স্থানীয় প্রকাশকদের মধ্যে বর্নমালা মিশিগান, শব্দপত্র প্রকাশনাসহ আরও অনেক প্রতিষ্ঠান তাদের বই প্রদর্শন ও বিক্রির আয়োজন করেছে।
প্রথম দিনেই শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ম্যাথ অলিম্পিয়াড যা ছিলো মেলার অন্যতম আকর্ষণ। বিকালে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদপত্র।
বইমেলার মাঠে ছিল সারি সারি বাংলাদেশি খাবারের দোকান, আড্ডা, গান, হাসি আর আনন্দের ঢেউ। বাংলা বই, সংস্কৃতি ও ভাষার প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মেলা এখন এক আনন্দমুখর উৎসবের নাম যেখানে প্রজন্মের পর প্রজন্ম হাতে হাত রেখে বলছে, “আমার ভাষা, আমার বই, আমার গর্ব মিশিগান বইমেলা।”