যশোরের মনিরামপুর উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক ও যৌন হয়রানি প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপজেলা পর্যায়ে স্থানীয় কর্তৃপক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ সংলাপ সভা এবং যৌথ পদক্ষেপ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর, ২০২৫) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে বেসরকারি সংস্থা রিসার্চ ইনসিয়েটিভ বাংলাদেশ-রিইব-এর ‘হোপ’ প্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলা সিএসও কমিটি এই সভার আয়োজন করে।
মনিরামপুর সিএসও সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপ সভায় বক্তারা সমাজের এই গুরুতর ব্যাধিগুলো নির্মূলে বাল্যবিবাহ, যৌতুক, যৌন হয়রানি করেছেন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সংলাপে বক্তারা বলেন, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, এই সব বিষয় নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায় থেকে সচেতনতা তৈরি করে এই সামাজিক অভিশাপগুলো দূর করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, যিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল,উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান,রিইব হোপ প্রকল্পের টেকনিক্যাল সমন্বয়কারী ভানু রানী,
প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়,
সাবেক কাউন্সিলর গীতা রানী কুন্ডু,
শিক্ষক অশোক কুমার বিশ্বাস সহ সিএসও কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং হোপ প্রকল্পের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।