ফরিদপুরের সদরপুরে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শুধু ক্রেস্ট নয়, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার মূল বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক সভায়। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে মানবিক সংগঠন সদরপুরের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবিক সংগঠন সদরপুরের সভাপতি মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান এবং মানবিক সংগঠন সদরপুরের উপদেষ্টা মো. ফজলুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। অতিরিক্ত সচিব ফজলুর রহমান বলেন, এসএসসি ও এইচএসসিতে ভালো ফল শুধু এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। দীর্ঘ এই যাত্রায় মানবিক সংগঠন সদরপুর সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।

আমরা হয়ত আর্থিকভাবে আপনাদের খুব বেশি সহযোগিতা করতে পারব না, কিন্তু আপনাদের চলার পথে প্রয়োজনীয় পরামর্শ, সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাব। ইউএনও জাকিয়া সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ।দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে। আমার মতে, মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা দেশপ্রেমিক মেধাবী হয়ে উঠবে এই প্রত্যাশা করি। এ সময় উপস্থিত ছিলেন টাইমস ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর ইসহাক মিয়া, সদরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসিবুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন করে ২০২৫ সালের এইচএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে বলেন, মানবিক সংগঠন সদরপুরের সংবর্ধনা তাদের ভবিষ্যৎ লক্ষ্যের প্রতি আরো দায়িত্ববান ও অনুপ্রাণিত করেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}