আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজেই নিজের ব্যানার অপসারণ শুরু করেছেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা: এটিএম রেজাউল করিম। একই সঙ্গে উপজেলা জুড়ে স্থাপন করা দলীয় ও ব্যাক্তিগত সকল ব্যানার ফেস্টুন অপসারণ করতে নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটাল সংলগ্ন এলাকায় নিজের নির্বাচনী ব্যানার স্ব-উদ্যোগে সরিয়ে ফেলেন তিনি। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।
ডাঃ রেজাউল করিম বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম সবার জন্য সমান। ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাইলে নির্দেশনা মানা আমাদের দায়িত্ব। তাই আমি নিজেই আমার ব্যানার সরানোর কাজ শুরু করেছি।”
তিনি রাঙ্গুনিয়ার সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই ব্যানার–পোস্টার অপসারণের আহ্বান জানিয়ে বলেন, “নির্দেশনা মেনে চললে নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ হবে।”
এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, প্রার্থীর এ সচেতনতা ও নিয়মমানার প্রবণতা রাঙ্গুনিয়ায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
ছবির ক্যাপশনঃ নির্বাচন কমিশনের নির্দেশ মানতে নিজের হাতে ব্যানার সরাচ্ছেন ডাঃ এটিএম রেজাউল করিম।