বাংলাদেশ দূতাবাস, বেইজিং-এর উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ, চীনের বিভিন্ন প্রদেশ ও শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা, চীনা অতিথিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি ও চীনা শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজয় দিবস উদযাপনের প্রথম পর্বে সকালে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। দ্বিতীয় পর্ব পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তাঁর বক্তব্যের শুরুতে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা মা-বোনদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, মহান বিজয় দিবস জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই সংগ্রাম শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্যই ছিল না, বরং ছিল অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক স্বকীয়তা ও মাথা উঁচু করে বেঁচে থাকার সংগ্রাম। তিনি একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তৃতীয় পর্বে বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং চীনা শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি টেবিল টেনিস, ক্যারমসহ বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা বাংলাদেশ, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, বিজয় দিবস ও স্বাধীনতা বিষয়ক নানা চিত্র অঙ্কন করে। রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

আপ্যায়নের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}