ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ শেখ সাদি (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী চর কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে শেখ সাদিকে গ্রেপ্তার করে। তিনি একই এলাকার মৃত আব্দুল কাদের শেখের ছেলে। গ্রেপ্তারকৃত সাদি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র আরও জানায়, এর আগেও অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে শেখ সাদি স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকায় মব সৃষ্টি করার চেষ্টা করে। তবে এবার যৌথবাহিনীর সফল অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।

অভিযানকালে শেখ সাদির কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল এবং ৪২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,
“গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে যৌথবাহিনীর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা এবং মাদক ও অস্ত্রবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}