ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় রাতের আঁধারে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের হামলায় সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৭) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হামলায় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল সর্দার একই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন এবং পেশায় একজন কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুহিন গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গভীর রাতে তুহিন গ্রুপের এক সমর্থক পুলিশ পরিচয়ে সাইফুল সর্দারের বাড়িতে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ইসমাইল মোল্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস বলেন,
“নিহত সাইফুল সর্দার সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান জানান,
“দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}