আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: ইউছুফ সোহেল আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আজ নির্ধারিত সময়ের মধ্যে তিনি নির্বাচন অফিসে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো: ইউছুফ সোহেল বলেন,
“মুরাদনগরের মানুষের ন্যায়বিচার, উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
উল্লেখ্য, কুমিল্লা–৩ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে এই আসনে নির্বাচনী উত্তাপ আরও বেড়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।