গনমাধ্যম কর্মীদের প্রানের সংগঠন বাংলা প্রেস ক্লাব মিশিগানের উদ্যোগে বার্ষিক ডিনার পার্টি অনুষ্ঠিত হয় গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আল শাহী প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। ডিনার অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া ওসমান হাদির হত্যাকাণ্ড এবং ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নিকাণ্ড ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিকরা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বর্তমান সরকারের কাছে।
বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ সাহেদুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল। এই সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহসান, চিন্ময় আচার্য্য, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিকুর রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, সিনিয়র সদস্য কাওসার দেওয়ান, মাহফুজুর রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রেস ক্লাব পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাংলা প্রেস ক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ সুলাইমান আল মাহমুদ এবং কবিতা আবৃত্তি করেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মজিবুর রহমান শাহীন। দোয়া ও মোনাজাত-এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে মিশিগানের জনপ্রিয় নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান-এর আট (৮) বছর পদার্পণ পূর্তি উদযাপন করেন সাংবাদিক পরিবার। এসময় স্বাগত বক্তব্যে রাখেন সুপ্রভাত মিশিগানের সম্পাদক সম্পাদক এবং বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাবেক সভাপতি চিন্ময় আচার্য্য।