নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার চরভদ্রাসন উপজেলায় নতুন বইয়ে  মেতে উঠেছে শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।

এদিন উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন।

এছাড়া একই দিন দুপুর ১২টায় উপজেলা সদরের বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরেক দফায় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা, সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ, শাহজাহান মোল্যা, নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বাকি ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, ৫৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৮টি কেজি স্কুলেও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরে উপজেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১০ হাজার ৪২৭ সেট এবং মাধ্যমিক পর্যায়ে প্রায় ৬ হাজার ৯১০ সেট নতুন বই বিতরণ করা হচ্ছে।

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে। শিক্ষক ও অভিভাবকরাও বছরের প্রথম দিনেই বই পেয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}