বাংলা শিশুসাহিত্যের প্রবাদপ্রতিম পুরুষ, ‘ছড়ার জাদুকর’ হিসেবে খ্যাত সুকুমার বড়ুয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব।

শুক্রবার (২ জানুয়ারি) এক শোক বার্তায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৮ বছর বয়সী এই ছন্দ জাদুকর দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন।

সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সর্বানন্দ বড়ুয়া ও মা কিরণ বালা বড়ুয়া। চট্টগ্রামের গহিরা গ্রামের শিক্ষক প্রতাপ চন্দ্র বড়ুয়ার মেয়ে ননী বালার সাথে ১৯৬৪ সালের ২১ এপ্রিল তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। ব্যক্তিগত জীবনে সুকুমার বড়ুয়া তিন মেয়ে এবং এক ছেলের জনক।

শোক বার্তায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলা শিশুসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, ছন্দের জাদুকর হলেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া। প্রায় ছয় দশক ধরে ছড়া রচনার মাধ্যমে তিনি বাংলা শিশুসাহিত্যে এক অনন্য অবস্থান তৈরি করেন। তার ছড়ায় ব্যঙ্গ, রস, নৈতিক শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক সচেতনতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘চন্দনা রঞ্জনার ছড়া’, ‘এলোপাতাড়ি’ ও ‘চিচিং ফাঁক’-এর মতো কালজয়ী বইগুলো তাকে ‘ছড়াসম্রাট’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই সাহিত্যযাত্রায় তিনি ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’ ও ‘ছড়াসম্রাট’ উপাধিতে ভূষিত হন। তাঁর সৃষ্টিশীল ছড়াগুলো প্রজন্মের পর প্রজন্ম বাংলা শিশুসাহিত্যে আলো ছড়িয়ে যাবে।

ছড়াকার সুকুমার বড়ুয়ার কর্মজীবন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে।পরবর্তীতে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।

ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি লাভ করেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}