ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটি কমস্টেক (COMSTECH) ২০২৫–২৬ অর্থবছরের জন্য ইয়াং উইমেন রিসার্চ গ্রান্ট প্রদানের ঘোষণা দিয়েছে। এ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ মালয়েশিয়া, বেনিন, মৌরিতানিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, মিশর ও উজবেকিস্তানের মোট ১৯ জন নারী গবেষক এই অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন।

কমস্টেক ইয়াং উইমেন রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম ২০২৫–২৬ এর লক্ষ্য হলো ওআইসি সদস্য রাষ্ট্রগুলোতে বৈজ্ঞানিক উৎকর্ষতা বৃদ্ধি, নিজস্ব গবেষণা সক্ষমতা জোরদার করা এবং তরুণ নারী গবেষকদের আর্থিক সহায়তা প্রদান। নির্বাচিত প্রত্যেক গবেষক ৫,০০০ থেকে ৬৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত অনুদান পাবেন। এই অর্থ গবেষণার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি, কনসিউমেবলস, ছোটখাটো গবেষণা সরঞ্জাম এবং বিশেষায়িত গবেষণা সাহিত্য ক্রয়ে ব্যবহার করা যাবে।

স্বচ্ছ ও কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে এই অনুদান প্রদান করা হয়েছে। স্বাধীন বাহ্যিক বিশেষজ্ঞদের দ্বারা গবেষণা প্রস্তাবগুলো মূল্যায়ন করা হয়। এবছর ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন দেশ থেকে মোট ৬৯০টি গবেষণা প্রস্তাব জমা পড়ে, যা এই কর্মসূচির প্রতি ব্যাপক আগ্রহ ও প্রতিযোগিতার প্রমাণ। বিস্তারিত মূল্যায়নের পর সর্বোত্তম ও যোগ্য প্রস্তাবগুলো চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

অনুদানপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানিয়ে ওআইসি-কমস্টেকের কোঅর্ডিনেটর জেনারেল প্রফেসর ড. মুহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, কমস্টেক তরুণ বিজ্ঞানীদের, বিশেষ করে নারী গবেষকদের ক্ষমতায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, এই অনুদান গবেষণার মানোন্নয়ন ঘটাবে এবং ওআইসি অঞ্চলের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি তিনি গবেষকদের নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তাদের গবেষণা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, কমস্টেক ইয়াং রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গবেষণা সহযোগিতা বৃদ্ধি, মেধাপাচার রোধ এবং একটি শক্তিশালী বৈজ্ঞানিক পরিবেশ গড়ে তোলার চলমান উদ্যোগের অংশ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}