ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। তিনি জানান, মঙ্গলবার হঠাৎ করে ইউএনও ফেরদৌস আরার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফেরদৌস আরা ছিলেন বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবনের প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। পরবর্তীতে ২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন।ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি একজন শিক্ষক স্বামীর সহধর্মিণী এবং এক কন্যা সন্তানের জননী। তার অকাল মৃত্যুতে জেলা প্রশাসনসহ সহকর্মী ও স্থানীয় প্রশাসনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}