কিশোরগঞ্জ–১ (হোসেনপুর–সদর) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী আলাল মিয়া বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে তিনি গণআন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবেন।২১ জানুয়ারি বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার নির্বাচনী প্রতীক কাঁচি বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আলাল মিয়া বলেন, “আমি লড়ছি মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং ২৪ জুলাই গণঅভ্যুত্থানে মানুষের যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, তা বাস্তবায়নের জন্য।
সংসদ হবে আন্দোলনের কণ্ঠস্বর—সংসদ ও রাজপথ দুই জায়গা থেকেই জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চলবে। তিনি আরও বলেন, শিক্ষা–স্বাস্থ্য, কর্মসংস্থান, ন্যায্য মজুরি, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ভোটাধিকার নিশ্চিত করাই তার রাজনৈতিক অঙ্গীকার। আলাল মিয়া জানান, আগামীকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে হোসেনপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এছাড়া তিনি সকলকে আহ্বান জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি ভোট দিন কাঁচি প্রতীকে।
তিনি আরও জানান, এবার কিশোরগঞ্জে নির্বাচনী আচরণ বিধি পালন ও সতর্কতার ক্ষেত্রে সবার সেরা হয়েছেন এবং নির্বাচন পর্যন্ত তিনি ইসির সর্বোচ্চ আইন মেনে চলবেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।