সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও আনন্দঘন পরিবেশে যশোরের মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিদ্যার দেবী স্বরস্বতী পূজা-বাণী অর্চনা। শুক্রবার শুক্লা পঞ্চমীর পূর্ণ লগ্নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়।

নারী জাগরণের শীর্ষ বিদ্যাপীঠ মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজে প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৩২তম বাণী বন্দনা । কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন। কলেজের

পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক শঙ্কর প্রসাদ দত্ত জানান, শতাধিক শিক্ষার্থীর সমন্বয়ে শতকণ্ঠে গীতাপাঠের মধ্য দিয়ে বাণী বন্দনা শুরু হয়। এরপর শিক্ষিকাদের শঙ্খধ্বনি, শিক্ষকদের মঙ্গল প্রদীপ প্রজ্বালনের পর মায়ের পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।

মনিরামপুর গীতা স্কুলের শিক্ষক ধর্মগুরু আনন্দ কুমার দেবনাথ বলেন,স্বরস্বতী পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার এক অনন্য উপলক্ষ। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সহনশীলতার শিক্ষা ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ ও আপ্যায়নের মাধ্যমে দিনটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}