ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়ায় আজ (২৪/১/২৬) লোকসংগীত “মলয়া” গানের রচয়িতা সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের ১৪৮ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এই উপলক্ষে ২ দিনব্যাপী মলয়া গানের আসর ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য মহর্ষি মনোমোহন দত্ত ১২৮৪ বঙ্গাব্দের ১০ মাঘ নবীনগরের সাতমোড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৩১৬ বঙ্গাব্দের ২০ আশ্বিন দেহত্যাগ করেন। তাঁর পিতার নাম পদ্মনাথ দত্ত এবং মায়ের নাম হরোমোহিনী দত্ত।
৫ ভাই ও ৩ বোনের মধ্যে সবার বড়ো ছিলেন মনোমোহন দত্ত। মাত্র ৩১ বছর ৮ মাস ১০ দিন ছিল তাঁর আয়ুষ্কাল। এই অল্প সময়ের মধ্যে তিনি রচনা করেন ২৫টির মতো গ্রন্থ। তাঁর রচিত গ্রন্থসমূহের মধ্যে “মলয়া সঙ্গীত” একটি উল্লেখযোগ্য গ্রন্থ।
জানা যায়- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাঁর রচনাশৈলীর অনেক পাণ্ডুলিপি খোয়া গেছে। ফলে অন্যান্য পাণ্ডুলিপির মতো মলয়া সঙ্গীতের অন্যান্য গান গুলোও আর খুঁজে পাওয়া যায়নি।
তাঁর গান ও জীবন দর্শন অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদের অনন্য দলিল। সকল প্রকার ধর্মীয়-গোঁড়ামি, সামাজিক কুসংস্কার-কুপ্রথা এবং ধর্ম-বর্ণ-জাতিভেদের গণ্ডি পেরিয়ে তাঁর রচিত “মলয়া সঙ্গীত” মানুষে মানুষে ঐক্য প্রতিষ্ঠা করত: শান্তিময় সমাজ ও আনন্দময় পৃথিবী নির্মাণে এক দারুণ ভূমিকা পালন করছে। সামাজিক লোক নিন্দা সহ্য করে- একঘরে করে রাখার হুমকিতেও আত্মজ্ঞানী মনোমোহন বিচলিত হননি। আপন বিশ্বাসে লিখে গেলেন অসাম্প্রদায়িক চেতনাদীপ্ত এই সব গান।
আজ থেকে তিন দিনব্যাপী সাধক, কবি ও মরমি গীতিকার মনোমোহন দত্তের ১৪৮ জন্মোৎসব আনন্দ আশ্রম সাতমোড়ায় পালিত হচ্ছে। ভক্তবৃন্দ ও মলয়া সঙ্গীত প্রেমীদের ভালোবাসায় অভিষিক্ত হবে সাতমোড়ার বেলতলা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}