লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জেলা পরিষদের মালিকানাধীন সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পরিষদ।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ বলেন, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উক্ত জমিটি দীর্ঘদিন ধরে জেলা পরিষদের মালিকানাধীন ছিল। পরবর্তীতে কোনো ধরনের অনুমতি ছাড়াই ওই জমিতে স্কুল ভবনটি নির্মাণ করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।