আওয়ামীলীগ করা কোন অপরাধ নয় বলে মন্তব্য করেছেন লালমনিরহাট ০১ আসনের (হাতীবান্ধা -পাটগ্রাম) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এগারো দলীয় জোটের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
শনিবার রাতে হাতীবান্ধা উপজেলার আমতলায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন স্থানীয় থানার ওসিকে অনুরোধ করেছি নিরপরাধ কোন দলীয় কর্মীকে যেন আর গ্রেফতার করা না হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষ ভুমিকা রেখে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করার ও অনুরোধ জানান তিনি।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এগারোদলীয় জোটের মনোনীত প্রার্থী মু. আনোয়ারুল ইসলাম রাজু ছাড়াও হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমির আতাউর রহমান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) হাতীবান্ধা উপজেলার প্রতিনিধি আশরাফুল আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রতিনিধি আল আমিন হোসেন, হাতীবান্ধা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আলতাফ হোসেন, সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।