গাইবান্ধার ফুলছড়িতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ লিমন মিয়া (৪৪) নামের ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মিলন মিয়া (৪৪) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের পুত্র।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে আটকের পর তাঁর হেফাজত থেকে ৪টি রাম দা, ১টি চাইনিজ কুড়াল ও ১টি বড় ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
সূত্র আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথ বাহিনী নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, যৌথ অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো ইতোমধ্যে জব্দ করা হয়েছে। আটককৃত মিলন মিয়াকে সেনাবাহিনীর একটি টিম থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। তিনি বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতে প্রেরণ করা হবে।