United by Unique: ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতার ঐক্য প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস আমাদের একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়—ক্যান্সার এখনও বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য সংকট। তবু এই দিনটি কেবল শোকের নয়; এটি সচেতনতা, আশা ও সম্মিলিত প্রতিরোধের দিন। বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬-এর প্রতিপাদ্য “United by Unique” আমাদের মনে করিয়ে দেয়—প্রতিটি ক্যান্সার রোগী আলাদা, প্রতিটি ক্যান্সারের অভিজ্ঞতা ভিন্ন, কিন্তু লড়াইটি সবার জন্য এক। রোগীর শরীর, মানসিক অবস্থা, সামাজিক প্রেক্ষাপট ও আর্থিক সক্ষমতা—সবকিছুই আলাদা হলেও ক্যান্সারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সচেতনতা ছাড়া বিকল্প নেই। আমাদের সমাজে ক্যান্সার নিয়ে সবচেয়ে বড় সমস্যা রোগ নয়—অজ্ঞতা ও ভয়। ক্যান্সার মানেই মৃত্যু—এই ভুল ধারণা বহু মানুষকে চিকিৎসার দরজা পর্যন্ত পৌঁছাতেই দেয় না। ফলাফল হিসেবে দেখা যায়, অধিকাংশ রোগী চিকিৎসকের কাছে আসেন অনেক দেরিতে, যখন চিকিৎসা জটিল ও ব্যয়বহুল হয়ে পড়ে। এখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠে স্বাস্থ্যসচেতনতামূলক, অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘এসো সচেতন হই সোসাইটি–এসই’–এর মূল শ্লোগান—“নয় অজ্ঞতা, চাই সচেতনতা।”

এই শ্লোগান কোনো স্লোগানমাত্র নয়; এটি একটি দর্শন। কারণ ক্যান্সারের বিরুদ্ধে প্রথম ও সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো সচেতনতা। শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে অবহেলা না করা, সময়মতো পরীক্ষা করা, ভ্রান্ত বিশ্বাস পরিহার করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার মানসিকতা গড়ে তোলাই পারে বহু জীবন রক্ষা করতে। “United by Unique” আমাদের শেখায়— একজন ক্যান্সার রোগী শুধু একটি মেডিক্যাল কেস নন; তিনি একজন মানুষ, একটি পরিবার, একটি জীবনের গল্প। তাই ক্যান্সার মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি প্রয়োজন মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সহায়তা। ক্যান্সার প্রতিরোধে আমাদের করণীয়গুলো খুব জটিল নয়—তামাক ও ধূমপান বর্জন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম, প্রয়োজনীয় টিকা গ্রহণ, এবং সর্বোপরি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। এই ছোট ছোট সচেতন সিদ্ধান্তই বড় বিপর্যয় ঠেকাতে পারে। বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ আমাদের কাছে একটি আহ্বান—ভয় নয়, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। নীরবতা নয়, সচেতন কণ্ঠের আহ্বান। একাকিত্ব নয়, সম্মিলিত উদ্যোগের আহ্বান। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা হয়তো সবাই আলাদা—Unique, কিন্তু সচেতনতা, মানবিকতা ও দায়িত্ববোধে আমরা সবাই এক—United। এই ঐক্যই পারে ক্যান্সারের বিরুদ্ধে সমাজকে শক্তিশালী করতে। এই ঐক্যই পারে জীবন বাঁচাতে। মোঃ মাজহারুল ইলাম কলামিস্ট, জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী চাইল্ড এন্ড মেন্টাল হেলথ্ কাউন্সিলর (ট্রেনি)

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}