বিআইএমএসটেক (BIMSTEC) দেশসমূহের আঞ্চলিক পরিচালক (প্রকল্প) ও বিশিষ্ট সংগঠক জনাব রাহুল লক্ষ্মণ পাতিলের বাংলাদেশ সফর উপলক্ষে ‘ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (YFB) কার্যালয়ে এক তাৎপর্যপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে এই বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকটি সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সাফি-উল আলম । অনুষ্ঠানের শুরুতে তিনি জনাব রাহুল লক্ষ্মণ পাতিলকে (Mr. Rahul Laxman Patil) উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল বিআইএমএসটেকভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, যুবকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে কাজ করা। বিআইএমএসটেক অঞ্চলের যুবকদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব প্রদান এবং আন্তঃসীমান্ত অংশীদারিত্ব প্রসারে উভয় পক্ষই ভবিষ্যতে একসাথে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
সভায় রাহুল লক্ষ্মণ পাতিল তার বক্তব্যে বলেন, “বিআইএমএসটেক দেশগুলোর সামগ্রিক উন্নয়নে যুবশক্তির ভূমিকা অপরিসীম। বিশেষ করে বাংলাদেশের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা সঠিক পরিচর্যার মাধ্যমে আঞ্চলিক উন্নয়নে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”
সভায় বিআইএমএসটেক দেশগুলোর তরুণদের মাঝে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে কীভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যায়, তা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। আগামী দিনগুলোতে এই গঠনমূলক পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তাগুলোকে বাস্তবসম্মত এবং প্রভাবশালী কর্মকাণ্ডে রূপান্তর করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।
বৈঠকে ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর এস জেট অপু, প্রোগ্রাম অফিসার সজিব হাসান, নির্বাহী কমিটির সদস্য ও ডিস্ট্রিক্ট চিফ পার্থ হক এবং নির্বাহী সদস্য কুশ কুমার কুশলসহ অন্যান্য ঊর্ধ্বতন সদস্যবৃন্দ।
ইএইচপি