জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে এবং এখানে কোনো চান্দাবাজ ও ধান্ধাবাজের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কায়কোবাদ বলেন, আমি নির্বাচিত হলে জনগণের পরামর্শ নিয়েই মুরাদনগর পরিচালনা করব। এখানে কোনো চাঁদাবাজি ও দখলবাজির সুযোগ থাকবে না। আওয়ামী লীগ মানুষের ওপর জুলুম করার কারণেই পতনের মুখে পড়েছে। আমরাও যদি একই পথ অনুসরণ করি, তবে আমাদের পরিণতিও একই হবে।

তাই আমাদের আগেই সংশোধন হতে হবে। তিনি আরও বলেন, আল্লাহ আমাকে আপনাদের ভোটে পাঁচবার এমপি বানিয়েছেন এবং মন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রের পরও আল্লাহ দেশকে নির্বাচনের পথে ফিরিয়ে এনেছেন। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানিও করি, তবুও এই ঋণ শোধ হবে না। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করছেন, রোজা রাখছেন—আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি অতীতের মতো এবারও আপনারা আমাকে আরও বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}