লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশ আর আগের মতো চলবে না। তিনি বলেন, “যদি আগের মতোই চলত, তাহলে এত মতবাদ, আত্মঘাতী প্রবণতা ও আন্দোলনের সৃষ্টি হতো না। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে।

মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথম আজ শুক্রবার বিকেল ৪টায় প্রথমবারের মতো তাঁর নির্বাচনী এলাকা লালমনিরহাট-৩ সফর করেন। এ সময় বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন নানা ঘটনা ও ষড়যন্ত্র সত্ত্বেও শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। “এ বাস্তবতা অনুধাবন করে আমাদের আরও বেশি সহনশীল হতে হবে, বিশেষ করে বড়বাড়ীর মানুষদের।

মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের দোয়া ও ভালোবাসার ফলেই তিনি জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী—মোট ৪৯ জনের একজন হিসেবে দায়িত্ব পাওয়া বড়বাড়ীসহ সমগ্র এলাকার মানুষের জন্য সম্মানের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গ্রাম থেকে বেড়ে ওঠা একজন কর্মী হিসেবে আমাকে যে আস্থা ও বিশ্বাস দেওয়া হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।” এ সময় তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর কথা স্মরণ করেন।

 

মন্ত্রী আরও বলেন, এ সম্মান শুধু ব্যক্তিগত নয়; এটি পুরো অঞ্চলের মানুষের সম্মান। “দায়িত্ব পাওয়া সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনাদের প্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য,”—বলেন তিনি।
বক্তব্যের শেষে তিনি দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহমেদ লিমন, বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}