ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, স্থানীয় এমপি প্রতিনিধি দল, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়, চরভদ্রাসন সরকারি কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।
পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জালাল উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ যায়েদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও একইদিন বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।