২১ ফেব্রুয়ারি, ২০২৬ শনিবার বিকাল ৫ টা বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আয়োজনে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও লংগদু ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবুবকরের পরিচালনায় উক্ত আলোচনা সভা সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, সেক্রেটারি তাজ মাহমুদ, এসিসট্যান্ট সেক্রেটারি মোঃ শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, বায়তুলমাল সম্পাদক ওছমান গণি, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা সভাপতি মোঃ নবী হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই শাহাদাত বরণ করেন। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে। তবেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।
বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমরা মহান আল্লাহর কাছে তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি।
আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।