বৃহত্তর বাকলিয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিকল্পিত সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে অর্থনৈতিকভাবে গতিশীল করে তোলা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডস্থ আবদুল করিম রোডের উন্নয়ন এবং তুলাতলি বাই লেন এলাকার উন্নয়নকাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
প্রায় ২০০০ ফুট দৈর্ঘ্যের এই সড়ক উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য জলাবদ্ধতা নিরসন ও রাস্তার মানোন্নয়ন। প্রকল্পের আওতায় সড়ক পুনর্নির্মাণের পাশাপাশি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
মেয়র জানান, ১৯ নম্বর ওয়ার্ডে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে চসিক। এর মধ্যে রয়েছে ইসহাকের পুল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, অসিমিয়া রোডের উন্নয়ন ও বির্জা খালের ওপর কালভার্ট নির্মাণ, চর চাক্তাই মাঠ উন্নয়ন, আহমেদুর রহমান সড়ক উন্নয়ন, মিয়া খান নগর এলাকায় রাস্তা সংস্কার ও খালপাড় রোড উন্নয়ন। এছাড়া মাস্টারপুল থেকে বৌ বাজার সড়ক এবং হাফিজিয়া রোডের উন্নয়নকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মেয়র বলেন, বাকলিয়া দীর্ঘদিন ধরে যোগাযোগ সংকট, সরু রাস্তা ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছিল। আমরা ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কাজ করছি। সড়ক উন্নয়ন মানেই শুধু যাতায়াত সহজ করা নয়; এটি স্থানীয় অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা, শ্রমজীবী মানুষের আয় বৃদ্ধি এবং সামগ্রিক নগর প্রবাহকে শক্তিশালী করে।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে, তার সুফল প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিতে হবে। উন্নত যোগাযোগ সুবিধা ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। বৃহত্তর বাকলিয়াকেও সেই উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করা হচ্ছে।

মেয়র সম্ভাব্য নতুন সড়ক সম্প্রসারণ, সংযোগ সড়ক নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় নালা নির্মাণের সম্ভাব্য স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করেন। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিনসহ কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}