কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। তিনি বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রমজান মাসের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সিলিন্ডার গ্যাসের বাজার তদারকি এবং যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী জানান, অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে। মজুদদারি, অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মাদক ও জুয়া প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিশেষ নজরদারি এবং পুলিশি টহল বাড়ানো হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি এবং উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান ভূঁইয়া। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, বাজার তদারকি এবং যানজট সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আসন্ন ঈদ-উল-ফিতরে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।