ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংবাদপত্রের বাতিঘর, অর্ধশত বছরের উপর যিনি সংবাদপত্র বিতরণ করে আসছিলেন সেই সংবাদপত্রের বাহক ও এজেন্ট মরহুম লোকমান হেকিম চৌধুরী’র আজ (৫/৬/২৭) দ্বিতীয় মৃত্যু বার্ষিকী কনিকাড়াস্থ তাঁর নিজ বাড়িতে পালিত হয়েছে।
মরহুমের স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
“মের্সাস লোকমান হেকিম চৌধুরী” নামের পত্রিকা এজেন্টের স্বত্বাধিকারী লোকমান হেকিম চৌধুরীকে নবীনগরের শিক্ষিত মহলের সবাই এক নামে চিনেন। তিনি ছিলেন সব পত্রিকা পাঠকের নিকট কাকা/ভাই। রোদ-বৃষ্টি এবং দুর্গম যোগাযোগ ব্যবস্থা সত্ত্বেও তিনি পত্রিকা পৌঁছে দিতেন পাঠকের নিকট। দেশ স্বাধীনের আগে যখন আগের দিনের পত্রিকা পরের দিন নবীনগর আসতো তখনো তিনি এ পেশায় যুক্ত ছিলেন। নবীনগরে পত্রিকা পাঠক তৈরিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু বার্ষিকীতে নবীনগরের সাংবাদিক সমাজ তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।
মরহুমের একমাত্র পুত্র খান জাহান আলী চৌধুরী জানান-“আমার আব্বা দেশ স্বাধীন হওয়ার আগে থেকে নবীনগরে সংবাদপত্র বিতরণ করে আসছিলেন। মৃত্যুর আগের দিনও তিনি পাঠকদের হাতে পত্রিকা তুলে দিয়েছিলেন। আব্বার নামে এখন পর্যন্ত পত্রিকার এজেন্ট চলছে। আব্বার জন্য আপনারা সকলে দোয়া করবেন।”